উত্তপ্ত গোপালগঞ্জ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবেন।

এদিকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী ও সমর্থক দলটির ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

একপর্যায়ে তারা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত একটি ব্যানার টাঙান। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন।

এ ছাড়া বিক্ষোভকারীরা শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সেগুলো সড়কের ওপর স্তূপ করে আগুন দেন তারা।

লঞ্চ টার্মিনাল, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই ছিল দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজে লাঠি হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি হাতে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিয়ে পৃথক মিছিল বের করেন। এরপর নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। পরে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেন তারা।

এ ছাড়া বর্ণি বাজারে যুবদলের একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে তিনি জানতে পেরেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ঘটনাগুলো সম্পর্কে তিনি অবগত নন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর