ত্বকের শুষ্কতা সামলাতে ভাগ্যশ্রীর পরামর্শ

শীত মৌসুম আসার আগে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক।

বিশেষ করে পাহাড়ি এলাকায় কিংবা অতিরিক্ত ঠান্ডার জায়গায় এ সমস্যা আরও বেশি অনুভূত হয়। এই সময়ে ত্বকের যত্নে শুধু প্রসাধনীর ওপর নির্ভর করলেই চলে না, প্রয়োজন শরীরের ভেতর থেকেও পুষ্টির জোগান নিশ্চিত করা।
ত্বকের যত্ন ও সুস্থ থাকার সহজ কিছু কৌশল প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। ‘ম্যানে পেয়ার কিয়া’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে রুপালি পর্দার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।

বয়স বাড়লেও তার ফিটনেস ও সৌন্দর্য অনেকের কাছেই অনুপ্রেরণা। 

সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে গিয়ে শীতের উপযোগী একটি পুষ্টিকর পানীয় তৈরির পদ্ধতি জানিয়েছেন ভাগ্যশ্রী।

তার মতে, ঠান্ডার দিনে এমন পানীয় উপকারী, যা শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি পুষ্টি ও তরলের জোগান দিতে পারে। 

যেসব উপকরণ লাগবে

কাজুবাদাম ২–৩টি

আখরোট ২–৩টি

হালিম বীজ সামান্য

এলাচ ও কেশর স্বাদ ও সুগন্ধ অনুযায়ী

দুধ ১ কাপ

যেভাবে তৈরি করবেন

প্রথমে কাজুবাদাম, আখরোট ও হালিম বীজ একসঙ্গে দুই থেকে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে উপকরণগুলো ভালোভাবে পিষে নিন।

এবার একটি পাত্রে এক কাপ গরুর দুধ গরম করুন। এতে এলাচ ও কেশর মিশিয়ে দিন। এরপর বাদাম ও বীজের পেস্ট যোগ করে ভালোভাবে নেড়ে নিন। হালকা গরম অবস্থায় পান করুন। যাদের প্রাণিজ দুধে সমস্যা হয়, তারা চাইলে এর পরিবর্তে আমন্ড বা ওটসের দুধ ব্যবহার করতে পারেন।

কেন উপকারী এই পানীয়?

কাজুবাদাম ও আখরোটে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও কোমলতা বজায় রাখতে সহায়ক। অন্যদিকে বাদাম ও হালিম বীজে থাকা বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করে।

হালিম বীজে রয়েছে ভিটামিন এ, সি ও ই, ক্যালসিয়াম, আয়রন এবং ফলিক অ্যাসিড। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাচ ও কেশরের সুগন্ধে দুধের স্বাদও হয়ে ওঠে আকর্ষণীয়। শীতের সন্ধ্যায় এক কাপ হালকা গরম এই পানীয় এনে দিতে পারে বাড়তি স্বস্তি।

ত্বকের যত্নে চাই ভেতর থেকেও পুষ্টি

ত্বক ভালো রাখতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। কেউ কেউ প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চাও করেন। তবে ত্বকের সুস্থতা ধরে রাখতে বাহ্যিক যত্নের পাশাপাশি শরীরের ভেতরের পুষ্টির দিকেও নজর দেওয়া জরুরি।

শরীরে পানির ঘাটতি দেখা দিলে ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে উঠতে পারে। তাই শীতেও পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। পাশাপাশি সুষম খাবার, বাদাম, বীজ ও পুষ্টিকর পানীয় খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

ভাগ্যশ্রীর এই পানীয় শীতের দিনে পুষ্টির জোগান ও তরল গ্রহণে সহায়ক হতে পারে। তবে মনে রাখতে হবে, কোনো একটি পানীয় খেলেই ত্বকের সব সমস্যা দূর হবে না। ত্বকের সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত যত্ন, পর্যাপ্ত পানি পান এবং সুষম খাদ্যাভ্যাস। 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর