নিউজ টাঙ্গাইল ডেস্ক: বেলাল খান একই সাথে একজন সুরকার এবং গায়ক। বেলাল খানের জন্ম টাঙ্গাইল জেলার সখীপুরের নলুয়া গ্রামে। বাবা লুৎফর রহমান খান কৃষিজীবী। মা বেদেনা রহমান গৃহিণী। দুই ভাই এক বোনের মধ্যে বেলাল সবার বড়। ছোট্ট বয়সেই গুনগুন করে বিভিন্ন কবিতা সুর করে পড়তেন। ক্লাসের শিক্ষককে বইয়ের কবিতা সুরে সুরে শোনাতেন। এভাবেই শুরু হয় তাঁর সুরের খেলা। ২০০১ সালে কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে।
তারপর সংগীতভূবনে নিজের মেধা উপস্থাপনের চেষ্টায় ২০০৬ সালে মনির খানের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর সুরে মনির খান `মন কান্দেরে` অ্যালবামের দুটি গান করার জন্য রাজি হন এবং গানগুলো ব্যাপক আলোচিত হয়। এরপর সুর করেন বেবী নাজনীনের ‘মেঘের কাজল` অ্যালবামের দুটি গান। এর মধ্যে পড়ালেখাও শেষ হয়।
টিএসসিতে একদিন পরিচয় হয় পরিচালক মঈন বিশ্বাসের সঙ্গে। তাঁর নতুন চলচ্চিত্র ` প্রেমের জন্য পৃথিবী`তে গান ও সুর করার প্রস্তাব পান। এরপর এ ছবির জন্য করা ন্যান্সির সঙ্গে ডুয়েট গান `পাগল তোর জন্যে রে` গানটি করেন এবং এটি বেশ জনপ্রিয়তা পায়।
