মির্জাপুরে বিদ্যুৎ বিল দিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে বিদ্যুৎ বিল দিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। রবিবার বিলম্ব ফি ছাড়া বিল পরিশোধের শেষ দিন হওয়ায় গ্রাহকের উপস্থিতি বেশি বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলায় ৩৮০০ সেচ লাইন রয়েছে। সারা দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার আবাসিক বিদ্যুৎ বিল বিলম্ব ফি ছাড়াও পরে পরিশোধ করতে পারবেন বলে ঘোষণা দেয়। কিন্তু সেচ প্রকল্পের বিল পরিশোধে কোনো নির্দেশনা না থাকায় সেচ মালিকরা নিয়মিত বিল পরিশোধ করছেন। এ জন্য গত মার্চ মাসের বিল পরিশোধে ১৯ এপ্রিল রবিবার বিলম্ব ফি ছাড়া শেষ দিন হওয়ায় সেচ মালিকরা পল্লী বিদ্যুৎ অফিসে ভিড় জমিয়েছেন। পল্লী বিদ্যুৎ অফিস সামাজিক দূরত্ব বজায় রাখতে তিন ফুট অন্তর চিহ্ন ও পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন দিয়ে তদারকি করা হচ্ছে। কিন্তু উপস্থিত সেচ গ্রাহকরা তাদের নির্দেশনা না মেনে পাশাপাশি দাঁড়াচ্ছেন বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে।

বিল পরিশোধ করতে আসা কয়েকজন গ্রাহক জানান, সরকার আবাসিক বিল নেওয়া বর্তমানে বন্ধ রেখেছে। সেচ প্রকল্পের বিলও একইভাবে বন্ধ রাখা হলে আমাদের ঘর থেকে বের হয়ে এভাবে একত্রিত হতে হতো না। বিলম্ব ফি ছাড়া আজকেই শেষ দিন বলে তারা জানান। এ ছাড়া একটি কাউন্টারে টাকা নেওয়া হচ্ছে। এতে মানুষের উপস্থিতি বাড়ছে বলে তারা জানান।

পল্লী বিদ্যুৎ মির্জাপুর জোনাল অফিসের এজিএম মো. দেলোয়ার হোসেন জানান, এ উপজেলায় ৩৮০০ সেচ লাইন রয়েছে। ১৯ এপ্রিল বিলম্ব ফি ছাড়া বিল পরিশোধের শেষ তারিখ হওয়ায় গ্রাহকরা ভিড় করছে। সরকার আবাসিক বিলের বিষয়ে যে নির্দেশনা দিয়েছে সেচ প্রকল্পের বিষয়ে সে রকম নির্দেশনা নেই। তা ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্ন ও অফিসের লোকজন কাজ করছেন। গ্রাহকরা তা মানছেন না বলে তিনি দাবি করেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহকের উপস্থিতি বেশি জানতে পেরে ডিজিএমকে একাধিক কাউন্টারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে বিল নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর