নিউজ টাঙ্গাইল ডেস্ক: ২০২০-২০২১ অর্থবছরে ‘নতুন বাংলাদেশ-ভারত মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের বৃত্তি দেওয়ার লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত আবেদন করা যাবে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এসব তথ্য জানান।
ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ হাজার জন এবং স্নাতক পর্যায়ে ১ হাজার শিক্ষার্থীকে (মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি) বৃত্তি দেওয়া হবে। স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
