নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা-ভালুকার মল্লিকবাড়ীর রাস্তার দেবরাজ এলাকার ব্রিজটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখানে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
এটি ভালুকা এবং সখীপুর উপজেলার সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এ ব্রিজের কয়েকটি স্থানে ফুটো হয়ে রড বের হয়ে গেছে। ফলে যানবাহন দূরের কথা হেঁটেও চলাফেরা করা যায় না। ব্রিজটির কারণে প্রায় ১৫ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।
ব্রিজটি মেরামত হলে দাড়িপাকা, দেবরাজ, খালিয়ারবাইদ, আউলিয়াচালা, বড়চালা, ছিটাইল, ঢালুয়া, মহিষগাড়া, মুজিবনগর, কাকেরমোড়, বানিয়ারছিট, মাচিয়া, বড়চওনার মানুষ অতি সহজেই ভালুকা, গফুরগাও এবং সখীপুরে যাতায়াত করতে পারে। এছাড়া এ অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ধরনের কাঁচামাল ও ফসল যেমন- বাঁশ, আখ, ধান, কলা, আদা, হলুদ রপ্তানিও করা যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার মিয়া বলেন, তাদের প্রাণের দাবি ব্রিজটি যেন অতি সত্বর মেরামত করা হয়।
কালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছাত্তার মিয়া বলেন, কয়েকশত মানুষের দুর্ভোগের নাম এ ব্রিজ। এখানে যেকোনো মুহূর্তে মানুষ দুর্ঘটনায় পড়ে মৃ’ত্যুবরণ করতে পারে। কর্তৃপক্ষের কাছে কয়েকদফায় বিষয়টি জানিয়েছেন।
কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ব্রিজটির মেরামত কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী বাজেটে ব্রিজটি ঠিক করা হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী আহসান হাবীব বলেন, এ ব্রিজটির প্রাক্কলন ব্যয় ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছেন তাড়াতাড়ি দরপত্র আহ্বান করা হবে।
