সুনামগঞ্জে পথ হারিয়ে একটি কম্পিউটার দোকানের টিনের চালে উঠে আটকা পড়ে একটি ষাঁড়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দিরাই উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার বাসিন্দা আবুল বশর। ষাঁড়টি সাধারণত তার বাড়ির আশপাশে বাধাহীনভাবে ঘুরে ঘুরে ঘাস খায়। মঙ্গলবার বিকেলে কোনো এক সময় ষাঁড়টি পথ হারিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে একটি বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে বাড়িটির সিঁড়ি দিয়ে পাশের একটি টিনশেড কম্পিউটার দোকানের বারান্দার চালে উঠে যায়। পরে নামার পথ না পেয়ে সেখানেই আটকা পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে তাদের সহযোগিতায় চেষ্টা চালিয়ে টিনের চাল থেকে ষাঁড়টিকে নামিয়ে আনা হয়। এতে ষাঁড়টি তেমন কোনো আঘাত পায়নি।
এদিকে, টিনের চালে ষাঁড়টির দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ষাঁড়টির মালিক আবুল বশর জানান, ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশে বাধাহীনভাবে থাকে এবং ঘাস খায়। কীভাবে এটি দোকানের টিনের চালে উঠে পড়েছে, তা তিনি জানেন না। ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে পাশের বাড়ির সিঁড়ি দিয়ে উঠে ষাঁড়টি টিনের চালে পড়ে আটকা পড়ে। খবর পেয়ে অনেক চেষ্টা করে সেটিকে নামিয়ে আনা হয়েছে। ষাঁড়টি সুস্থ আছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এমন কোনো ঘটনার খবর তাদের কাছে নেই। একটি ষাঁড় কীভাবে টিনের চালে উঠল, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
