টাঙ্গাইলের ঘাটাইলে সন্তান প্রসব করা মানসিক প্রতিবন্ধী নারীকে সন্তান সহ অবশেষে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বোয়ালী হাটবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে তার সন্তান সহ তার পরিবার সদস্যদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া সহ স্থানীয় জনসাধারণ।
জানা যায়, গত ১৪ই জুন টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী এক নারী ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। উপজেলার বোয়ালী হাটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তিনি ছেলে শিশু প্রসব করলে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে ঘাটাইল ডট কমে সংবাদ পরিবেশিত হলে সেটি নিয়ে সারাদেশে তোলপাড়ের সৃষ্টি হয়। পরে ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়।
সুবর্না তানভীর নামক এক সংবাদকর্মী জানান, সোস্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পেয়ে সেখানে কমেন্ট জানাই যে মেয়েটাকে আমি চিনি এবং যেখানে আমি নাম ও ঠিকানা জানাই। পরে তাদের সাথে কথা হয়। পরবর্তীতে চিন্তার বর্তমান অবস্থান তার পরিবার সদস্যদের অবহিত করি। তারা ছবি দেখে চিন্তাকে শনাক্ত করেন। তারা জানান, এটাই তাদের হারিয়ে যাওয়া সন্তান।
তিনি আরও জানান, ওই নারীর নাম চিন্তা বেগম। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর গ্রামের রেজাউল ইসলাম ও সেলিনা বেগম দম্পতির সন্তান। চিন্তার বড় বোনের নাম ববিতা।
ঘাটাইলের সংবাদ কর্মী মোহাম্মদ আশিক জানান, চিন্তা বেগমের পরিবার সদস্যদের সাথে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র ও স্থানীয় সংবাদ কর্মীদের মোবাইল ফোনে যোগাযোগ হয়। এমনকি চিন্তার গ্রামের বাড়ী এলাকার ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যদের সাথেও ঘাটাইল থেকে যোগাযোগ করা হয়। পরবর্তীতে চিন্তার পরিচয় শনাক্ত হওয়ার পর তার পরিবার সদস্যদের ঘাটাইলে আসার জন্য বলা হলে তারা ঝিনাইদহ থেকে ঘাটাইলে এসে চিন্তা বেগমকে তার অবুঝ সন্তান সহ বুঝে নিয়ে যান। এ সময় তারা ঘাটাইলবাসীর নিকট ক্রিতজ্ঞতা প্রকাশ করেন।
আজ (২৪ জুন) সকাল ১১টার সময় তারা ঘাটাইল থেকে ঝিনাইদহর উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে চিন্তা বেগম ও তাঁর সন্তানের জন্য সামাজিক সংগঠন ঘাটাইলের কথা নগদ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া ঘাটাইল উপজেলা, পৌরসভা এবং ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে আরও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।