নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য জনসাধারণের মাঝে তুলে ধরতে ব্যাপক প্রচার-প্রচারণা ও পথসভা করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের বঙ্গবন্ধু সেতু পূর্ব (যমুনা সেতু) পাথাইলকান্দি বাজারে এই পথসভার আয়োজন করেন নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন।
এ সময় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
পথসভায় এসময় নেতাকর্মীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে আওয়ামী লীগের এমপি পদে মনোনয়ন দেওয়ার জন্য দাবি করে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। দলকে সে সুসংগঠিত করে রেখেছেন। ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের তিনি যথাযথ মূল্যায়ন করছেন। তিনিই আওয়ামী লীগের যোগ্য প্রার্থী হিসেবে বলে মনে করছি।
পথসভায় প্রধান অতিথি ও আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। বড় বড় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে। আমি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে জেল খেটেছি। সবসময় খেটে খাওয়া মানুষ ও দলের জন্য কাজ করে যাচ্ছি।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ আকন্দ, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী মোল্ল্যা প্রমুখ।
