পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে হাসিঠাট্টা তামাশায় পরিণত হয়েছে।
জানা যায়, উক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র তানভীর মাহতাব।
জানা গেছে, মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র বাসায় নিয়ে যান সেই শিক্ষার্থী। পরে গত বুধবার (২২ জুন) রাতে সেই উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। তারপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। পরে সে শিক্ষার্থী পোস্টটি ডিলিট করে দেন।
এ বিষয়ে ঐ শিক্ষার্থী তানভীর মাহতাব বলেন, এ নিয়ে টাইমলাইনে ফানি পোস্ট দিয়েছি। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে দিয়েছি। বুঝতে পারেননি বিষয়টি এইরকম ভাইরাল হয়ে যাবে। ইনভিজিলেটরের স্বাক্ষর আমি নিজেই করেছি।
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মমিন উদ্দীন আরটিভি নিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এখনো কিছু জানি না। সে শিক্ষার্থীকে রোববার বিশ্ববিদ্যালয়ে এসে দেখা করতে বলা হয়েছে। তখন আমরা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে জেনে পরবর্তী পদক্ষেপ নিবো। ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটর স্বাক্ষরটি ইংরেজি বিভাগের কোনো শিক্ষকের নয়।
বিষয়টি গুরুতর অপরাধ হলে সেই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বহিষ্কার করতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে আমরা বিষয়টি নিয়ে রোববার তানভীর মাহতাবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত দিবো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে এখনো কোনো তথ্য আসেনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।