রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeবিনোদনএবার ‘দামাল’ -এ আলো ছড়াবেন প্রতিবাদী মিম ও শরীফুল রাজ

এবার ‘দামাল’ -এ আলো ছড়াবেন প্রতিবাদী মিম ও শরীফুল রাজ

নতুন লুকে রাজ-মিমকে দেখা যাবে ২৮ অক্টোবর।

বাংলা সিনেমার পালে হাওয়া দিয়েছে ‘পরাণ’ সিনেমাটি। এতে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বিদ্যা সিনহা মিম। সেই রেশ থাকতেই এই তারকা হাজির হচ্ছেন তার নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে।

ঢাকাই সিনেমার নতুন জুটি বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। এরই মধ্যে ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। প্রশংসাও কুড়িয়েছেন অনেক। ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি এখন দেশে এবং দেশের বাইরে চলছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিম তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, মিমের পরনে লাল শাড়ি, কপালে লাল রঙের টিপ, নাকে নথ, কানে দুল, গলায় সোনার হার, মাথায় টিকলি। নববধূ বেশে মিমের চোখে-মুখে আনন্দের হাসি। এক হাতে মিমকে জড়িয়ে ধরে আছেন বর শরীফুল রাজ। তার পরনে পাঞ্জাবি, মাথায় টুপি।

 

ক্যাপশনে মিম জুড়ে দিয়েছেন,‘পরাণ’-এর পর নতুন রূপে রোমান আর অনন্যা আসছে। ‘দামাল’-এর প্রথম গান খুব শিগগির আসছে।

আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে এ জুটির নতুন সিনেমা ‘দামাল’। এ সিনেমায় এমন লুকে দেখা যাবে এই জুটির রসায়ন। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এ পরিচালক।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে টক শো চলাকালীন হুট করে ঢুকে পড়েন ‘দামাল’ সিনেমার নির্মাতা রায়হান রাফি এবং অভিনয়শিল্পী মিম, শরিফুল রাজ ও সিয়াম আহমেদ। সেখানে তারা সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানান। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ভাবছেন প্রচরণায় চমক দেখাচ্ছে ’দামাল’। তাদের সঙ্গে সুর মেলালেন মিম। জানালেন এমন চমক আরও অপেক্ষা করছে।

 

‘পরাণ’ সিনেমায় মিমকে দেখা গেছে মফস্বলের একটি মেয়ের চরিত্রে। ‘দামালে’ কেমন মিমকে পাবে দর্শক— জানতে চাইলে তিনি বলেন, “এখানে ১৯৭১ সালের একজন সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। তবে ‘দামালে’র মিম প্রতিবাদী। সে কীভাবে সংগ্রাম করেছে, দেশের জন্য কতটা অবদান রেখেছে— এই বিষয়গুলো দেখানো হবে।”

 

মিমের সিনেমা হলমুখী করেছে দর্শককে। এই ধারা ধরে রাখবে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটি। এমনটা উল্লেখ করে এই তারকা বলেন, “আমরা ‘দামাল’ নিয়ে খুব আশাবাদী। এটিও ‘পরাণ’ -এর মতো সাড়া জাগাবে আশা করি। কারণ এ ধরণের সিনেমা এর আগে কখনও হয়নি। একদম ব্যতিক্রমধর্মী সিনেমা এটি। তাই আমাদের সবার প্রত্যাশাও বেশি।”

সবশেষে মিম বলেন, “আমাদের ‘পরাণ’ সিনেমার ক্ষেত্রে দর্শক যে ভালোবাসা দিয়েছেন আশা করছি দামালের ক্ষেত্রেও দেবেন। সিনেমাটি হলে গিয়ে দেখবেন তারা। ছবিটি সবার ভালো লাগবে।”

 

এই সিনেমায় মিম ছাড়া আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফি। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular