কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চরভাবলা ও সিঙ্গুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম লিমা আক্তার (২৫)। সে গোপালপুর উপজেলার ভেড়াডাকরী এলাকার ঠান্ডু মিয়ার মেয়ে। তিনি রাজধানীতে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালের দিকে এলেঙ্গা থেকে সিএনজিতে করে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন ওই নারীসহ আরও ৩ জন। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে সিএনজির ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত ও অপর ২ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো: স্বপন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় যানজটে আটকে পড়ায় ছেলের জন্য পানি নিয়ে ফেরার পথে বাস চাপায় একজন নিহত হন। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর