ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অবৈধ নির্বাচনের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নামে আরেকটি সংগঠন।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মসজিদ মার্কেটে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নামাকরণে শিক্ষক সমিতির সকল প্রকার কার্যক্রমের উপর মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আগামী ১২ ডিসেম্বর প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভার নামে সভাপতি, সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক পদে টোকেন নির্বাচনের পায়তারা করছে। লিগ্যাল নোটিশ দেয়া সত্বেও তারা সুকৌশলে নির্বাচনী প্রচারনা সহ বেআইনীভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। যাহা আদালত অবমাননার সামিল। লিখিত বক্তব্যে তারা লুকোচুরির টোকেন নির্বাচন বন্ধ করে মামলায় বায় পর্যন্ত অপেক্ষা করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এস এম মোস্তফা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আবু সাইদ, সহ সভাপতি রতন কুমার ভৌমিক প্রমূখ।
