রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম মুঠোফোন নম্বর (০১৭৬২৬৯১৬৩৩) ‘ক্লোন’ করে দুর্বৃত্তরা বিভিন্ন মাধ্যমিক স্কুল প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন ইউএনও। ওই স্ট্যাটাসে তিনি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
উপজেলা মমেরেজ গলগন্ডা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান বলেন, হঠাৎ করে বিকালের দিকে ইউএনও নাম্বার থেকে ফোন দিয়ে আমার কাছে চাঁদা দাবি করেন। এছাড়াও বাসাবাইদ উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোজাম্মেল হক এর কাছে চাঁদা দাবি করা হয়। মুঠোফোন থেকে তাঁদের কাছে ফোন আসে। এ সময় অপর প্রান্ত থেকে একপর্যায়ে কণ্ঠস্বর শুনে তাঁদের সন্দেহ হয়। পরে ইউএনওর কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টি ভুয়া বলে তাঁরা নিশ্চিত হন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম জানান, একটি চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ দেয়ার কথা বলে চাঁদা দাবি করেছে। বিষয়টি মিথ্যা ও বানোয়াট।
উক্ত বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা যাচ্ছে এবং কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
