ছুরি-কাঁটা চামচ কোন হাতে ধরতে হয়, জানতেন না তারেক রহমান

জাপান সফরে গিয়ে খাবার খাওয়ার নিয়ম ও ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আগে কোন হাতে ছুরি আর কোন হাতে কাঁটা চামচ নিতে হয়, তা জানতেন না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর তার জন্য বেশ ভালো অভিজ্ঞতা ছিল। সফরসঙ্গী হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ফেরার পথে বিমানে কিছুটা ত্রুটি দেখা দিলেও তা সমাধান করে নিরাপদে দেশে ফিরেছেন বলে জানান।

জাপানে খাবার খাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ ব্যবহার করতে হয়, সে বিষয়ে আগে তার ধারণা ছিল না। সাধারণ বুদ্ধি থেকে ভেবেছিলেন, কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হয় বলে সেটি ডান হাতে নেওয়া উচিত। তাই তিনি ডান হাতেই কাঁটা চামচ নিয়েছিলেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও লেখালেখির জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। সফরের আরও অনেক অভিজ্ঞতা রয়েছে, যা পরবর্তী সময়ে সবার সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানান।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত সোমবার চার দিনের সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। একই সফরে অংশ নেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা দেশে ফেরেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর