নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া এলাকায় সাথী ওরফে মেঘলা (২২) নামে এক শিশু অপহরণকারীকে আটক করেছে স্থানীয়রা। পরে অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ৭ টার দিকে দেড় বছরের শিশু মো. কাইয়ুমকে উদ্ধার সহ অপহরণকারীকে আটক করে র্যাব-১২। আজ রোববার (১২ ডিসেম্বর) সন্ধায় এ ঘটনা ঘটে।
অপহরণ হওয়া ওই শিশুর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বেপারীপাড়া এলাকায়। অভিযুক্ত সাথী ওরফে মেঘলার বাড়ি ভূয়াপুর উপজেলার গোবিন্দাসি গ্রামে। সে ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও স্থানীয় সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, রোববার সকাল থেকেই কুশারিয়া গ্রামের বিভিন্ন স্থানে বাচ্চা নিয়ে ঘুরাফেরা করেন সাথী। বাচ্চাটিকে পালতে দিবেন এবং নেওয়ার জন্য অনেককে অনুরোধ করেন তিনি। তার এ কথায় কেউ সাড়া না দিলে দুপুর ১২টার দিকে মেঘলা মুনছুর আলীর বাড়ি গিয়ে তাঁকে অনুরোধ করলে তিনি তার নি:সন্তান মেয়ের জন্য শিশুটিকে দত্তক নিতে রাজি হন।
সে সময় মুনছুর খেয়াল করেন বাচ্চাটি ওই নারীর কোলে কোনোভাবেই থাকতে চাচ্ছে না, কান্নাকাটি করতে থাকে। বিষয়টি তার সন্দেহ হলে বাচ্চাসহ ওই নারীকে চেয়ারম্যানের কাছে নিয়ে আসেন। পরে চেয়ারম্যানের জেরার মুখে বাচ্চা অপহরণ করে নিয়ে আসার কথা স্বীকার করেন মেঘলা।
বিষয়টি জানাজানি হলে পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব সদস্যরা এসে বাচ্চাসহ মেঘলাকে উদ্ধার করে।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল শনিবার সকালে শিশু নিখোঁজ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশু মো. কাইয়ুম এর বাবা মো. সেলিম মিয়া। সেই ডায়েরি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেঘলার লোকেশন শনান্ত করার চেষ্টা করে র্যাব। বারবার সে তার স্থান পরিবর্তন করতে থাকে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি।
শিশুটিকে তার বাবা মার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় আব্দুল্লাহ আল মামুন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।