শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আ’লীগ নেতাকে আটকের খবরে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

টাঙ্গাইলে আ’লীগ নেতাকে আটকের খবরে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের ঘটনায় তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সোমবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৭ টা থেকে ৮ পর্যন্ত টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এরফলে এই আঞ্চলিক মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বানিয়াজানের ব্যবসায়ী রনি হাসানের সাথে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বের জের ধরে হামলা মামলার ঘটনাও ঘটেছে। রবিবার (২৩ এপ্রিল) রনি হোসেনের সাথে বেলাল হোসেনে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৪ এপ্রিল) বিকালে বেলাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানা পুলিশ।

আটকের খবরে তার কর্মী সমর্থকরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে এসে বিক্ষোভ করে। পরে সন্ধ্যার মধ্যেও তাকে ছেড়ে না দেওয়ায় তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাঠের গুড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

এ ব্যাপারে ধনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন ও ব্যবসায়ী রনীর সাথে দীর্ঘদিনের বিরোধে রবিবার তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রনীর অভিযোগের ভিত্তিতে বেলালকে জিজ্ঞাসাবাদের সোমবার থানায় নিয়ে আসা হয়। থানায় আনার পর তার সমর্থকরা সড়ক অবরোধ করে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মীমাংসার আশ্বাস দেওয়ায় তাকে ছেড়ে দেয়া হয় এবং বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ তুলে নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular