টাঙ্গাইলে আ.লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলে দু-গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিলে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল ফকিরকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে শহর আওয়ামী লীগের সভাপতি টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরে আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণে গেলে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকিরের মধ্যে কথা কাটিকাটি হয়।

এ বিষয়টি তাৎক্ষণিক পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর সমাধান করেন। পরবর্তীতে সভাপতি হুমায়ন রশিদ আকন্দ সোনা তার পশ্চিম আকুর টাকুর পাড়া বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা করে। পরে তিনি নিজেকে রক্ষার জন্য উল্টো হামলা করে।

একপর্যায়ে সাধারণ সম্পাদক হেলাল ফকিরকে কুপিয়ে আহত করা হয়। হেলাল ফকির বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হেলাল ফকির ছাড়াও তার ছেলে ইব্রাহিম ফকির ও অনুসারী আজিজ ফকির আহত হয়।

হুমায়ন রশিদ আকন্দ সোনা বলেন, প্রথম ঘটনাটি মেয়র সমাধান করে ছিলেন। পরে আমি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা আমার উপর হামলা করে। পরে আমাকে রক্ষা করার জন্য উল্টো হামলা করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর