নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩নং বাঁশতৈল ও ১১নং আজগানা ইউনিয়নের পাহাড় ও নিভৃত অঞ্চলে বাস করেন প্রায় তিন হাজার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনগণ। এই ক্রান্তিকালে সারাদেশের মতো তারাও গৃহবন্দি। দিন এনে দিন খাওয়া এই মানুষগুলোর রোজগারের পথও বন্ধ। পরিবারগুলোর অভিযোগ, এই পল্লীতে এখনও সরকারি ও ব্যক্তি পর্যায়ে একমুঠো চাল-ডাল এবং স্বাস্থ্য রক্ষায় কোনো উপকরণ দেয়া হয়নি।
মির্জাপুর উপজেলা আদিবাসী উন্নয়ন পরিষদে সভাপতি সুনিল সারতী বর্মণ টিনিউজকে জানান, এই দুর্যোগে হতদরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পরিবারগুলো সাহায্য না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া, বংশীনগর, তালতলা, কাইতলা, গায়রাবেতিল, চানু মার্কেট, মোতারচালা, পুকুরপার, বটতলা এবং ১১ নম্বর আজগানা ইউনিয়নের তেলিনা ও খাইটারঘাট এলাকায় প্রায় তিন হাজার ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবার যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এদের বর্মণ ও কোচ সম্প্রদায় বলা হয়। এসব ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবারের মূল পেশা দিনমজুরী ও কৃষি কাজ।
গায়রাবেতিল গ্রামের সুনিল বর্মণ (৪৫), স্বর্নমনি বর্মন (৩৫) এবং বটতল গ্রামের বিরেশ চন্দ্র কোচ (৫০) অভিযোগ করেন, গত এক মাস ধরে দেশে করেনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়ায় আমাদের সকল কাজ কর্ম বন্ধ। প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন এনজিও এবং সংগঠনের পক্ষ থেকেও আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন টিনিউজকে বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরিবারগুলোকে সহযোগিতা করতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।