নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। জেলার ১২টি আইসোলেশন সেণ্টারে মাত্র তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহজনক ২২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও শনিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত মাত্র ৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তবে কারো মধ্যেই করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া যায়নি।
টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় প্রতিটি ৫টি করে আসনের ১১টি এবং জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫৫টি আসনের একটি মোট ১২টি আইসোলেশন সেণ্টার খোলা হয়েছে। এরমধ্যে ধনবাড়ীতে একজন এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপনকৃত আইসোলেশন সেন্টারে দুইজন রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্য ১০টি আইসোলেশন সেন্টারে এখনো পর্যন্ত কোন রোগী ভর্তি হননি।
সূত্রমতে, ইতোমধ্যে সন্দেহজনক ২২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ৬ জনের রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসেনি। সুতরাং শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলে করোনা ভাইরাসের রোগী নেই বলা যেতে পারে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, জেলায় ১১০ আসনের ১২টি আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ (নভেল করোনা ভাইরাস) পজেটিভ কোন রোগী শনাক্ত হয়নি। তিনি আরো বলেন, এ পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে এক হাজার ৬৬২টি পিপিই পাওয়া গেছে। পিপিই সবাইকে দেয়া হবে না। শুধুমাত্র যারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়েজিত থাকবেন তাদেরকেই দেয়া হবে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান আরও বলেন, গত আড়াই মাসের মধ্যে বিদেশ থেকে টাঙ্গাইলে এসেছে ৫৪৪৬ জন। এর মধ্যে ৩৭৯৭ জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। যা বড়ই শংকার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা যাচ্ছে না। তিনি আরও বলেন, গা-ঢাকা দিয়ে থাকারা যেন নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টিন পালন করেন।
এদিকে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়নি। জেলায় শনিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা ২৪৪ জন। এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১৫৩৫ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। আইসোলেশনে আছেন ৩ জন। টাঙ্গাইলের জেলা প্রশাসনের খোলা করোনা সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
