শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে টিভিতে ক্লাস করছে ঘরবন্দি শিক্ষার্থীরা

টাঙ্গাইলে টিভিতে ক্লাস করছে ঘরবন্দি শিক্ষার্থীরা

শেখ নাসির উদ্দিন : সারাদেশের শিক্ষার্থীদের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও নিজের ঘরে বসেই সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর পদক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু হয়েছে।

টেলিভিশনের ক্লাসে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে হ্যালো।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানজিম সাইফ বলে, “ঘরে বসে আগে নিজের মতো কিছু পড়তাম, এখন টেলিভিশনের স্যারের নির্দেশনা অনুযায়ী পড়ি। যেগুলো নিজে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি।”

অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফজাল মিয়া বলে, “আমাদের তো জেএসসি পরীক্ষা। এ বছর পড়াশোনা বেশি। স্কুল বন্ধ থাকার কারণে অনেক ক্ষতি হচ্ছে । তবে টিভিতে ক্লাস করায় কিছু হলেও শিখতে পারছি।”

দশম শ্রেণির তামিম খান বলে, “টিভিতে বুঝি তবে যারা ক্লাস নেন তারা যদি জটিল সমস্যাটা এক দুইবার রিপিট করেন তাহলে ভালো হয়৷ ভালো লাগছে ঘরেই বসেই স্কুল করছি।

সপ্তম শ্রেণির রাফিয়া আঞ্জুমের মা সেলিনা আক্তার বলেন, “কিছুটা হলেও টেলিভিশনের ক্লাসে পড়াশোনার ঘাটতি পূরণ সম্ভব বলে মনে করি। তবে বাচ্চাদের এখন পড়াশোনায় বেশি চাপ দিচ্ছি না। ঘরে থাকছে এটাই শান্তি।”

নবম শ্রেণির আরেক শিক্ষার্থীর অভিভাবক রাশিদ আনোয়ার বলেন, “সরকারকে ধন্যবাদ এই মূহুর্তেও শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রেখেছে। কাজের মধ্যে না থাকলে শিশুরা হতাশায় ভেঙে পড়তে পারে। অভিভাকদের উচিত শিশুরা যাতে সব সময় হাসি খুশি থাকতে পারে সে দিকে খেয়াল রাখা।”

উল্লেখ্য, এই ক্লাস দেখে শিক্ষার্থীদের বাড়ির কাজ করে স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular