নিজস্ব প্রতিবেদক: ‘দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে গ্রাম-বাংলার প্রাচীনতম হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের আউটার স্টেডিয়ামে টাঙ্গাইল গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রে (সিআরডিডি) খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।
গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডির) সভাপতি আবরার এইচকে ইউসুফজাই তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া কর্মকতা আল আমিন সবুজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজার্ মঈনুল হোসেন লিন্টু, আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন প্রমুখ।
গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডির) সভাপতি আবরার এইচকে ইউসুফজাই তনু বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আজ যে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। তার প্রধান কারণ হলো প্যারা অলেম্পিকে ২০২৪ সালে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে। সেখানে বিশ্বের সব কয়টি দেশ অংশগ্রহণ করে। এতে বাংলাদেশের অংশগ্রহণের দাবিতে আমরা এ আয়োজন করেছি। সকলের সহযোগিতা কামনা করছি।
