নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে আরো ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ জন। বৃহস্পতিবার (১৮ই জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে করোনা উপসর্গ নিয়ে নমুনা দেয়ার ৪ দিন পর বুধবার রাত ১১টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামের দেওয়ান নুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি গত রোববার (১৪ই জুন) করোনা উপসর্গ নিয়ে নমুনা দিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে, গত ১১ই জুন পাঠানো ১৬টি নমুনার মধ্যে ৬ জনের পজিটিভ আসে। তবে করোনার নমুনা দেয়ার দুইদিন পর গত ১২ই জুন মৃত্যুবরণকারী শাহ আলম (৩২) নামের ওই যুবকের করোনা ফলাফল নেগেটিভ এসেছে। তিনি উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
নতুন আক্রান্তদের বাড়ি ও আশেপাশের বাসাবাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।