নিউজ ডেস্ক:টাঙ্গাইলের নাগরপুরে নিজের ট্রলির (ট্রাক্টরের আদলে তৈরি যান) নিচে চাপা পড়ে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার গয়গাটার ঘুনি এলাকার চৌদ্দাখাদা ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত ওই যুবক দুই বছর আগে গাড়িটি কিনেছিলেন। বুধবার সকালে মাটি আনার জন্য নিজের ট্রলি নিয়ে বাড়ি থেকে নদীর ঘাটে যান। সকালে মাটি তুলতে আসার সময় বেহাল রাস্তায় ট্রলির নিয়ন্ত্রণ হারান তিনি। ওই সময় ট্রলিটি উল্টে যায় এবং তার নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে ট্রলির নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদরে পাঠান। ওই হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে নাগরপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নয়া দিগন্তকে তিনি বলেন, রাকিব নিজেই ট্রলির চালক ও মালিক ছিলেন। পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
