নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলের সাগর দিঘী বাজারের একতা ফুড প্রোডাক্টে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ থেকে ১০ লাখ নগদ টাকা ও মালামাল লুট করেছে ডাকাত দলের সদস্যরা। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে একতা ফুড প্রোডাক্টের মালিক হায়দার আলী বাদী হয়ে ঘাটাইলের সাগর দিঘী পুলিশ ফাঁড়িতে সাহাদতকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দায়ের করেছে।
এ সময় প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন লোক এসে একতা ফুড প্রোডাক্টের গোডাউনের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা বাধা দিলে তারা স্থানীয়দের উপর আক্রমন চালায়। এতে কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাগরদিঘীর পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি ডাকাতি মামলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
