নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে বালু ভর্তি একটি ট্রাক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজ করার জন্য শেরপুরের নালিতাবাড়ী থেকে মীর আক্তার কোম্পানীর একটি ট্রাকে লাল বালু ভর্তি করে টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় ওই কোম্পানীর ক্যাম্পে আনা হয়। পরে সেখানকার শ্রমিকরা ট্রাক থেকে বালু নামানোর সময় ট্রাকের মধ্যে বালু ভিতরেই একটি পা দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাকের বালু ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি এ.কে সাইদুল হক ভূইয়া বলেন, লোড-আনলোড করার সময় এ ঘটনা ঘটতে পারে। নিহতের পোশাক দেখে মনে হচ্ছে কোন শ্রমিক হবে। এটি হত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হবে বলে ওসি জানান।
