নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করলেন বগুড়াগামী এক মা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন বলে জানা গেছে।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
নাজমা বেগম (২৫) নামে এক নারী বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের ইব্রাহীমের স্ত্রী।
জানা গেছে, শনিবার বিকালে আশুলিয়া এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৬৩৮) এর একটি বাসে বাড়ি যাচ্ছিলেন নাজমা বেগম। রাস্তায় তিনি প্রসবব্যথা অনুভব করেন। পরে বাসের চালক মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে বাসটি নিয়ে আসেন। সেখানে যাত্রী এবং স্থানীয় লোকজন পাশের বেসরকারি মির্জাপুর জেনারেল হাসপাতালে খবর দিলে নার্সরা দৌড়ে এসে বাসের ভেতরেই মেয়ে বাচ্চা প্রসব করান। পরে নার্সরা নবজাতক ও মাকে ক্লিনিকে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
মা ও শিশু সুস্থ আছেন বলে ক্লিনিকে কর্তব্যরত নার্স প্রণতি সাহা জানান।
