নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ায় মাকে কুপিয়ে হত্যা করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক ছেলে। নিহত মায়ের নাম সেলিনা বেগম। তিনি সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদারকুমুল্লি এলাকার বছির উদ্দিনের স্ত্রী। ঘাতক ছেলের নাম রাসেল। এ সময় রাসেল তার স্ত্রীকেও কুপিয়ে আহত করেন। বুধবার সন্ধ্যায় নামদারকুমুল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন জানান, দুপুরে রাসেল অতিরিক্ত গরুর মাংস খান। এতে করে তিনি অসুস্থবোধ করলে তার মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে আসেন। বিকেলে ডাক্তার দেখিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন তারা। বাড়িতে গিয়ে মা সেলিনা বেগম ছেলে রাসেলকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বকাঝকা করেন।
এর এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে মা সেলিনা বেগমকে দা দিয়ে উপর্যুপরি কোপান। এ সময় তার স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রাসেল ঘরে ঢুকে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে রাসেল পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।