টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে যৌতুকের ১০ হাজার টাকার জন্য স্ত্রী লিজা (২০) কে মারধর ও নির্যাতন করে হত্যা মামলায় মো. রিয়াজ উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মে) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌশুলি (পিপি) আলী আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন উপজেলার গারো বাজার এলাকার বশির উদ্দিনের ছেলে। তিনি জামিনে মুক্ত হওয়ার পর বর্তমানে পলাতক রয়েছেন।

লিজা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌশুলি (পিপি) আলী আহমদ জানান, ১০ হাজার টাকা যৌতুকের জন্য রিয়াজ উদ্দিন ২০০৯ সালের ১০ আগস্ট তার স্ত্রী লিজা আক্তারকে মারধর করেন। এতে গুরুতর আহত হয় লিজা। পরে আহত অবস্থায় লিজাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপর লিজার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৭ আগস্ট লিজা মারা যান।

এ ঘটনায় লিজা মৃত্যুর পর তার ভাই আজাহার আলী বাদী হয়ে ২০০৯ সালের ১৯ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান ওই বছর ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। দণ্ডিত রিয়াজের অনুপস্থিতেই রায় ঘোষণা করেন আদালত।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর