রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে ২ বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন এসিল্যান্ড, লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে ২ বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন এসিল্যান্ড, লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ২টি বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। বাল্য বিয়ের দায়ে বর ও কনে পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তরফপুর ও মির্জাপুর পৌর সদরের বাওয়ার কুমারজানি এলাকায় ২টি বাল্য বিয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মো. আসিফ (২৬) একই ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ছহিম মিয়ার মেয়ের (১৫) সাথে বিয়ের দিন ধার্য্য করা হয়। একই দিনে পৌর সদরের বাওয়ার কুমারজানি গ্রামের বাবলু দেওয়ানের ছেলে রাকিব দেওয়ানের (১৯) সাথে ছিটমামুদপুর গ্রামের মান্নান মিয়ার মেয়ের (১৬) বিয়ের দিন ধার্য্য করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দুটি বাল্য বিয়ের অনুষ্ঠানে হাজির হন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক। পরে বাল্য বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বর ও কনে পক্ষকে লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তারা বিয়ে করবে না এই মর্মে মুচলেকা দেন।

এদিকে আরও একটি অভিযানে বাংলা ড্রেজার শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীতে অবৈধভাবে বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে গাইবান্ধা সদর উপজেলার মৃত সায়েদ আলীর ছেলে সুলতানকে (শ্রমিক) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বাল্য বিয়ে সম্পর্কে বলেন, সচেতনতাই পারে আমাদের সমাজকে বাল্য বিয়ে মুক্ত করতে। এজন্য বাল্য বিয়ে রোধে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ড্রেজার সম্পর্কে তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে, অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular