নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে ঘর থেকে মা ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দেলদুয়ার থানা পুলিশ। তিনজন হলেন- মনিরা বেগম (৩৫), তার দুই শিশু সন্তান মুশফিক (৫) ও মাশরাফি (২)। মনিরা উপজেলা চকতৈল গ্রামের মো. শাহেদের স্ত্রী।
শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে তিনজনের উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরার স্বামী শাহেদ আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। শাহেদ দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ফজলুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এটি ঘটে থাকতে পারে। মনিরা বেগমের ঝুলন্ত মরদেহে মাটি লেগে থাকা এবং সন্তানদের মরদেহ বিছানার ওপর থাকায় এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন স্বজনরা।
মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক বলেন, মনিরার স্বামী শাহেদ মাদকাসক্ত থাকায় দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ লেগে ছিল। স্ত্রীকে প্রতিনিয়ত মারধরও করতো শাহেদ।
তিনি আরও বলেন, তিনজনকে হত্যা করে সে পালিয়ে গেছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। শাহেদের স্ত্রী ও তার দুই শিশু সন্তানের মরদেহের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে দেলদুয়ার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর শাহেদ আত্মগোপনে রয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
