নিউজ টাঙ্গাইল ডেস্ক: সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগীয় জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ ঘোষণা দেন।
আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্যক্তি, সেনাসদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।
এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।
