ধনবাড়ীতে নারী ইউপি সচিবকে কিল-ঘুষি, আ.লীগ নেতা ইউপি সদস্য তুলা আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে এক ইউনিয়ন পরিষদের নারী সচিবকে কিল-ঘুষি ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী গ্রাম পুলিশ সদস্যও আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে। মুশুদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু কায়সার এ সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ধনবাড়ী থানায় অভিযোগ করা হলে ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন তুলাকে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ। সে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

লাঞ্ছিত ইউপি সচিব জানান, চেয়ারম্যানের সঙ্গে তার কক্ষে আলোচনা চলছিল। এ সময় একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে তুলা মেম্বার ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা করে কিল-ঘুষি মারতে-মারতে বাইরে আনেন।

এ সময় তাকে বাধা দিতে আসায় রহিমা খাতুন ও পারুল আক্তার নামের দুই গ্রাম পুলিশ সদস্যকেও আহত করেন তিনি। অন্য ইউপি সদস্যরা আমাকে এ সময় উদ্ধার করে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, তুলা মেম্বার বিভিন্ন সময় আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় আমার ওপর ক্ষিপ্ত তিনি। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

অভিযুক্ত ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তুলা জানান, সচিব আগে আমাকে থাপ্পড় মেরেছেন। এ কারণে আমি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করি।

এ ঘটনায় ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নারী ইউপি সচিব ও সদস্যের বাগবিতণ্ডার একটি ঘটনা ঘটেছিল। তবে ইউপি সচিব কোনো লিখিত অভিযোগ দেননি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নারী ইউপি সচিব হেনস্তা করার কথা বললেও ইউপি সদস্য বিষয়টি অস্বীকার করেছেন। পরে নারী ইউপি সচিবের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ওই ইউপি সদস্যকে আটক করে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর