- অনলাইন থেকে: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত শ্রমিকদের ২ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এসময় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
রবিবার এক শোক বার্তায় শ্রমপ্রতিমন্ত্রী যেসকল শ্রমিক নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং যে সব শ্রমিক আহত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শ্রমপ্রতিমন্ত্রী স্মরণকালের এ ভয়াবহ দুর্ঘটনায় যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তাও দেয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের জন্য শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীও গভীর শোক প্রকাশ করেছেন।
বার্তায় জানানো হয়, প্রতিমন্ত্রী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রামের উপমহাপরিদর্শককে দ্রুত ঘটনাস্হলে গিয়ে শ্রমিকদের উদ্ধার তৎপরতা এবং আহত শ্রমিকদের চিকিৎসা দেখভালের নির্দেশ দেন। গত রাত থেকেই শ্রম অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগামের উপমহাপরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তারা শ্রমিকদের উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্রগামের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে দ্রুত আর্থিক সহায়তা দিতে উপমহাপরিদর্শক নিহত এবং আহত শ্রমিকদের তথ্য সংগ্রহের জন্য ১৩ সদস্যের আরও একটি কমিটি গঠন করেছেন।
অন্যদিকে এ দুর্ঘটনায় সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের পরিচালক এস এম এনামুল হক তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করেছেন।
