Homeটাঙ্গাইল জেলানৈরাজ্যের বিরুদ্ধে ধনবাড়ীতে গণমিছিল, কঠোর বার্তা মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

নৈরাজ্যের বিরুদ্ধে ধনবাড়ীতে গণমিছিল, কঠোর বার্তা মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

মো. পলাশ ইসলামধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে।”

তিনি আরও বলেন, “যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবিলা করব। সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা করব।”

শনিবার বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়কে যায়। পরে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

গণমিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

RELATED ARTICLES

Most Popular