Homeজাতীয়টাঙ্গাইলে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুই শিফটে পরীক্ষায় অংশ নেন ৪১৩ শিক্ষার্থী, রোববার হবে মৌখিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের আশেকপুর এলাকায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার দুই শিফটে মোট ৪১৩ জন শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা) মরিয়ম আক্তার। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস কে এম জিয়াউল বারী, সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা শাখার প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, এআই প্রশিক্ষক পিয়াল বসাকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

পরীক্ষা সংশ্লিষ্টরা জানান, লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল এসএমএসের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে। আগামীকাল রোববার লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তি-জ্ঞানসম্পন্ন যুবক ও যুব নারীদের এআইভিত্তিক আধুনিক প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং দক্ষ ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

২০২৬ সাল থেকে দেশের ৬৪ জেলায় একযোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular