সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকায় ভোট দেওয়ায় একঘর করে রাখা হয়েছে ৭ পরিবারকে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, সদ্য সমাপ্ত দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে ভোট দেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুর মিয়ার নির্দেশনায় এক মুক্তিযোদ্ধা পরিবারসহ ৭ পরিবারকে গ্রাম-পঞ্চায়েতবাসী একঘর করে রেখেছে।
গত শনিবার রাতে দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের খোকন মিয়ার মাঠে সৌদি আরব প্রবাসী ছমির উদ্দিনের আয়োজনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজনপুর গ্রামের এক-ঘর করে রাখা ভুক্তভোগী আনোয়ার হোসেন মিষ্টার বলেন, গ্রামের প্রার্থীকে ভোট না দেওয়ায় গ্রামবাসী যে সিদ্ধান্ত নিয়েছেন এ জন্য আমরা লজ্জাবোধ করছি। আমাদের সাথে সকলের কথাবার্তা বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা হতাশ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বৈঠক উপস্থিত থাকা রাজনপুর গ্রামের গিয়াস উদ্দিন বলেছেন, গ্রাম-পঞ্চায়েতবাসীর সিদ্ধান্ত ঠিক আছে। তাদের সাথে কথাবার্তা বললে ৫শ’ টাকা জরিমানা করা হবে। তবে প্রবাসী ছমির উদ্দিন এর সত্যতা অস্বীকার করে বলেন, একঘর করে রাখার বিষয়টি সঠিক নয়। তাদের সাথে কেউ যাতে ঝগড়াঝাটি না করে এ জন্য বৈঠক করে সকলকে সতর্ক করেছি।
একঘর করে রাখা পরিবারের লোকজন হলেন- রাজনপুর (আংগাঙ) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সফিক মিয়া (৩৫), মৃত হেলাল আহমদের ছেলে জুবের হেলাল (৪০) (প্রতিবন্ধি), কুতুব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩৫), বীর মুক্তিযোদ্ধা ইসকন্দর আলীর ছেলে লুৎফর রহমান (২৮), আয়াজ আলীর ছেলে আকরামুল হক সোহেল, আরশ আলীর ছেলে আনোয়ার হোসেন মিষ্টার (৪৫) ও চানমিয়ার ছেলে আলীরাজ সানীয়া (২৫)।
একঘর করে রাখা পরিবারের লোকজন বলছেন, নির্বাচনে একই গ্রামের চেয়ারম্যান প্রার্থীকে ভোট না দিয়ে নৌকায় ভোট দেওয়ায় তাদেরকে একঘর করে রাখা হয়েছে। তাদের সাথে কেউ কথা বললে ৫শ’ টাকা জরিমানা করবেন গ্রামপঞ্চায়েতের মোড়লরা।
সত্যতা জানতে চাইলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী নুরমিয়ার মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, এমন ঘটনা শুনার পরই তাদের ডেকেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।