নিউজ টাঙ্গাইল ডেস্ক: ময়মনসিংহ থেকে দলে দলে ঢাকার দিকে যাচ্ছেন গার্মেন্টস কর্মীরা। তবে ময়মনসিংহের শম্ভগঞ্জ, পাটগুদাম ব্রীজ ও দিঘারকান্দা বাইপাস এলাকায় পুলিশ তাদের বাঁধা দিয়ে ফিরিয়ে দিচ্ছে। তারপরও অনেকে নানা কৌশলে কর্মস্থলে যাওয়া চেষ্টা করছেন।
রোববার ভোর থেকেই হাজারো শিশু-কিশোরসহ নারী-পুরুষ যে যেভাবে পারছেন, ঢাকায় যাবার জন্য ময়মনসিংহ আসছেন। ফলে পাটগুদাম ব্রীজ থেকে দেখা গেছে ঢাকামুখী গার্মেন্টস কর্মীদের স্রোত। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ।
শ্রমিকরা জানায়, আজকের মধ্যে কাজে যোগ না দিলে তাদের চাকরি চলে যাবে। এদিকে নির্দেশনা না থাকায় তাদের ঢাকা যেতে বাঁধা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ। করোনার কারণে গণপরিবহনসহ ব্যাটারি বা ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহন বন্ধ থাকায় নেত্রকোনা, শেরপুর, জামালপুরসহ বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে আসা গার্মেন্টসকর্মীরা ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ পর্যন্ত পেীঁছে ঢাকামুখী যানবাহনের আশায় পায়ে হেঁটেই পাড়ি দেন শম্ভুগঞ্জ থেকে ঢাকা বাইপাস মোড় পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ।
ভোগান্তি আর হয়রানিই যেন পোশাক শ্রমিকদের নিয়তি। দেশে গণপরিরহন বন্ধ এবং করোনা প্রতিরোধে জেলায় জেলায় লকডাউন চললেও তাদের কাজে যোগ দেয়ার নির্দেশ দেন গার্মেন্টস মালিকরা। মাইলের পর মাইল পায়ে হেটে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাঁধায় যেতে পারছেন না তারা।
