নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফরিদ আহমেদ বাসাইল থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সরকার বাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
জানা যায়, গত ১ নভেম্বর সকালে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন এসআই ফরিদ আহমেদ। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পাশের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। সেখান থেকে তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফরিদ আহমেদ বাসাইল থানায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর মরদেহ সরাসরি নিজ গ্রামে নেওয়া হবে। ফরিদ আহমেদ একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে থানার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
