এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে চার সাংবাদিককে ঘিরে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এক ব্যক্তির দায়ের করা মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাঁদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়। শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান ফজলু। তিনি উপজেলা বণিক সমিতির সভাপতি। শনিবার সকালে তিনি সখীপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। গ্রেপ্তার সাংবাদিকরা হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
স্থানীয় এক ব্যক্তির কাছে বাড়িতে মাদক সেবনের তথ্য পেয়ে সাংবাদিকরা সেখানে যান। তাঁদের দাবি, বাড়িটিতে চারজনকে গাঁজা সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন। এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় এক যুবদল নেতাকে ফোন করেন। পরে ওই নেতা সাংবাদিকদের বাজারে নিয়ে যান। সেখানে দুই থেকে তিনশ লোক জড়ো হয়ে তাঁদের ঘিরে ফেলেন এবং হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ করেন সাংবাদিকদের পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর সাংবাদিকদের বিষয়ে স্থানীয়ভাবে একাধিক দফায় আলোচনা হয় বলে তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সাংবাদিকদের পরিবারের অভিযোগ, পরদিন সকালে চাঁদাবাজির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মাদক সেবনের অভিযোগে যাঁদের ভিডিও ধারণ করা হয়েছিল, তাঁদের কারও নাম মামলায় উল্লেখ করা হয়নি বলে তাঁরা দাবি করেন।আদালতে নেওয়ার পথে আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, মাদক সেবনের ভিডিও ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ম্যানেজ করার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হয়েছে। তাঁর দাবি, তাঁদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো আইনের আওতার বাইরে রয়েছেন।মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মাদক সেবনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যাঁর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ করা হয়েছে, তিনি কেন মামলার বাদী হননি, এমন প্রশ্নেরও তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
ঘটনার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় একদিকে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, অন্যদিকে মাদক সেবনের ভিডিও ধারণের পর তাঁদের হেনস্তার অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
