ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন কমিটি গঠন, আহ্বায়ক দুদু ও সদস্য সচিব টুকু

নিজস্ব প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের মোট ৮৯ জন নেতা সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুস সালাম পিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আফরোজা খানম রিতা, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, অনিন্দ্য ইসলাম অমিত, আফরোজা আব্বাস, কৃষিবিদ হাসান জাফির তুহিন, এস এম জিলানী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও নুরুল ইসলাম নয়নসহ দলের অন্যান্য নেতা।

আগামী ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার এই নেতা ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।

জাতীয় কমিটির একাধিক সদস্য জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা ও সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারতসহ নানা আয়োজন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর