নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিশ্বসেরা ৫০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকীজ ‘প্রসপেক্ট’ গত ১৪ জুলাই ২০২০ সালের তালিকা প্রকাশ করেছে। এতেই উঠে এসেছে মেরিনার নাম।
প্রসপেক্ট সাময়িকীতে বলা হয়েছে, ব্যবহারিক ধারণা ও চিন্তা সম্পর্কে অজানা প্রশ্নের উত্তর দিতে মানুষের মাঝে উপলব্ধি তৈরির চেয়ে জরুরি কিছুই নেই। প্রকৃতির সাথে মিল রেখে ভবন তৈরিতে বাংলাদেশি স্থপতি তাবাসসুম তার তৈরি নকশাগুলোতে আমরা সম্মিলিতভাবে পৃথিবীর কী করে যাচ্ছি তার চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। এটি তারই স্বীকৃতি।
সম্প্রতি স্থপতি তাবাসসুম স্থানীয় উপকরণ দিয়ে হালকা ওজনের ঘর তৈরি করে দেখিয়েছেন যা সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। নদী বা সমুদ্রের পানি বাড়ার সাথে সাথে বাংলাদেশকে নিয়মিতই যে সমস্যার সম্মুখীন হতে হয় তার একটি সমাধান দেবে এ প্রযুক্তিটি। যা আন্তর্জাতিকভাবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে বলে প্রসপেক্ট সাময়িকীতে উল্লেখ করা হয়েছে।
সুলতানি যুগের আদলে পোড়ামাটির ইটের তৈরি রাজধানীর বায়তুর রউফ মসজিদটির স্থপতি মেরিনা তাবাসসুম। তিনি বন্যার হাত থেকে রক্ষা করার জন্য মসজিদটি এমনভাবে তৈরি করা যাতে পানি আসলে এটি ভেসে থাকতে পারে। মসজিদটির নকশা তৈরির জন্য স্থাপত্য পুরস্কারের অন্যতম প্রাচীন ও সম্মানজনক পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। বাংলাদেশের স্থপতি হিসেবে তিনিই প্রথম আগা খান পুরস্কারে ভূষিত হন
