বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeআন্তর্জাতিকব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

অনলাইন থেকে: চলন্ত গাড়িতে সিট বেল্ট না বেঁধে ভ্রমণ করার দায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করেছে দেশটির পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে সিট বেল্ট না বেঁধে ভ্রমণ ও সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় তোপের মুখে পড়েন ঋষি সুনাক। এবার তাকে জরিমানা গুনতে হলো।

ল্যাঙ্কাশায়ার পুলিশ বলছে, তারা লন্ডনে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছেন।

পুলিশ জানিয়েছে, সুনাক তার ভুল সম্পূর্ণরূপে স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি জরিমানা প্রদান করবেন বলেও জানানো হয়েছে।

ব্রিটেনের আইন অনুযায়ী, চলন্ত গাড়িতে ভ্রমণের সময় সিট বেল্ট না পরাকে অপরাধ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে শাস্তিস্বরূপ জরিমানার পরিমাণ হতে পারে ৫০০ ইউরো পর্যন্ত।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উত্তর ইংল্যান্ডে সফরকালে সিট বেল্ট না পরে চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করেন ঋষি সুনাক।

বিবিসি বলছে, মূলত ভিডিও ধারণ করার জন্য তিনি নিজেই সিট বেল্ট সরিয়েছিলেন। সেই ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

এ নিয়ে সরকারে থাকাকালীন সুনাক দ্বিতীয়বার নির্দিষ্ট শাস্তির নোটিশ পেলেন। কোভিড লকডাউনের নিয়ম ভঙ্গ করায় গত বছরের এপ্রিলে তাকে জরিমানা করা হয়েছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular