শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeদেশের খবরমায়ের দাবি ছেলে মুসলিম, বাবার হিন্দু; ৫ দিন পর দাফনের সিদ্ধান্ত হাইকোর্টের

মায়ের দাবি ছেলে মুসলিম, বাবার হিন্দু; ৫ দিন পর দাফনের সিদ্ধান্ত হাইকোর্টের

ছেলের শেষকৃত্য হবে কীভাবে—দাফন, নাকি দাহ? সন্তানকে নিয়ে এমন দোটানায় পড়েছেন মা-বাবা। মায়ের দাবি, ছেলে মুসলিম; আর বাবার দাবি, হিন্দু। ধর্মীয় পরিচয়ের এই জটিলতায় ৫ দিন ধরে ফ্রিজিং গাড়িতে পড়েছিল নারায়ণগঞ্জে হত্যার শিকার বিল্লালের মরদেহ।

তবে শেষমেষ উপায় না পেয়ে সমাধান খুঁজতে হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। তবে সব শুনে হাইকোর্ট জানিয়েছেন, ধর্ম পরিবর্তন করায় বিল্লালের মরদেহ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফন করা হবে।

গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বিল্লাল নামের এক যুবককে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার পর বিল্লালের মরদেহ দাফন ও ধর্মীয় পরিচয় নিয়ে দেখা দেয় জটিলতা।

বাবা হরি চন্দ্র দাসের দাবি, তার ছেলে শুভ জন্মসূত্রে হিন্দু। তাই সনাতন রীতি অনুযায়ী মরদেহ দাহ করতে হবে। অন্যদিকে মা আয়েশা বেগম বলছেন, ২০০৩ সালে তাদের বিবাহবিচ্ছেদের পর তিনি ও তার ছেলে শুভ ধর্মান্তরিত হন। তার স্বামী হরি চন্দ্র দাস থেকে যান নিজ ধর্মে।

পুলিশকে মা জানান, তার ছেলে হলফনামার মাধ্যমে শুভ থেকে ‘বিল্লাল’ নাম গ্রহণ করেছিলেন এবং মুসলিম রীতিতে তার বিয়ে হয়। রয়েছে সন্তানও। এমন ঘটনায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় পুলিশ। মরদেহ রাখা হয় ফ্রিজিং গাড়িতে। কোনো উপায় না পেয়ে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ।

শুনানিতে নিহতের ভাই ইব্রাহিম কোরআন থেকে সূরা পাঠ করে শোনান হাইকোর্টকে। জানান, তারা দুই ভাই একসঙ্গে মাদ্রাসাতেও পড়েছেন। পরে অ্যাটর্নি জেনারেলের মতামত নেন আদালত। সব শুনে বিল্লালের মরদেহ ইসলামি ধর্মীয় রীতিতে দাফনের আদেশ দেন হাইকোর্ট।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ওই ছেলে যদি কোনো কারণে মুসলমান না হয়ে থাকেন, তাহলে প্রশ্ন আসবে বিয়ের বৈধতা নিয়ে। আর বিয়ের বৈধতা নিয়ে যখন প্রশ্ন আসবে, তখন আরও প্রশ্ন আসবে দুই বছর বয়সী এই সন্তানের পিতৃত্ব এবং তার ধর্মীয় পরিচয় নিয়ে। বিয়ে যদি আইনগতভাবে বৈধ না হয়, তাহলে এর প্রভাব সন্তানের ওপরও পড়তে পারে। সেক্ষেত্রে সন্তানকে বৈধ সন্তান হিসেবে স্বীকৃতি না পাওয়ার ঝুঁকি থাকে।

তিনি আরও বলেন, আদালতকে বলেছি, যেহেতু মৃত ব্যক্তির ভাই ও তার মা আদালতে উপস্থিত হয়ে বলেছেন, ‘আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী তার দাফন করা হবে।’ তার স্ত্রী উপস্থিত ছিলেন, তার সন্তানও উপস্থিত ছিল। সুতরাং এটা তো নির্ধারণ হয়ে গেল যে বিল্লালের মরদেহ ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular