দুই ম্যাচের এই নয় বল দেখেই রাব্বিকে বাতিলের খাতায় ফেলে দিতে চাচ্ছেন অনেকেই, বলছেন ঘরোয়া ক্রিকেটেই সুন্দর মানাবে এ বাঁহাতি ক্রিকেটারকে। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখনই হাল ছাড়তে রাজি নন।
দলে যেহেতু নেয়া হয়েছেই অন্তত পুরো সিরিজটা খেলানোর পক্ষে টাইগার অধিনায়ক। তবে আরেক টপঅর্ডার ব্যাটসম্যান তরুণ নাজমুল হোসেন শান্তও সুযোগের দাবিদার সেটি মনে করিয়ে দিতে ভোলেননি মাশরাফি। তৃতীয় ম্যাচের আগে সকালবেলা টিম হোটেল র্যাডিসন ব্লুতে সাংবাদিকদের মুখোমুখি হন সিরিজ জয়ী অধিনায়ক।
ফজলে রাব্বির ব্যাপারে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আপনি যদি আমাকে দল নির্বাচন করতে বলেন তাহলে রাব্বিকে আরেকটি সুযোগ দিতে আমি দ্বিধা করবো না। আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগ্যবান। আবার একই সময়ে ধরেন শান্তও সুযোগের অপেক্ষায় বসে আছে। সেক্ষেত্রে আমাদের সকলেরই চাওয়া থাকবে যে শান্তই খেলুক।’
তবে মাশরাফি এটিও জানান যে তার একার মতের ভিত্তিতে দল ঠিক হবে না। বরং টিম ম্যানেজম্যান্টের সাথে বসে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া কে খেলবেন, কে বসবেন।
মাশরাফি বলেন, ‘এখানে আসলে আমি একা বলে কিছু হবে না। সবার সাথে আলোচনার ব্যাপার আছে। আমি যেটি বলবো সেটিই যে হবে তাও না। তবে রাব্বি আরেকটি সুযোগ পেলে আমি কিছু মনে করবো না, আমার সমস্যা নেই।’
