এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রাদুর্ভাবে শ্রমিক সংকটের কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। শনিবার দিনব্যাপি রোজা রেখে উপজেলার পাথারপুর গ্রামের দরিদ্র কৃষক আবদুস সবুর ও শামীম আল মামুনের ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী এ ধান কাটায় অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, গজারিয়া ইউপি চেয়াম্যান আবদুল মান্নান মিঞা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ চান মাহমুদ, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল, ইউনিয়ন কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক ও অর্থ সংকটে পাথারপুর গ্রামের বর্গাচাষি আবদুস সবুর ও শামীম আল মামুনের পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোজা রেখে দিনভর ওই দুই ব্যক্তির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিতে পেরে নিজের কাছে তৃপ্তি পেয়েছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।