নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক লাল মিয়া (৪৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আনুহাদী গ্রামের রাজা মামুদের ছেলে। এ ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার কাঠব্যবসায়ী হাফিজ উদ্দিন গাছ কাটার জন্য নিহত লাল মিয়াসহ চারজন শ্রমিককে দৈনিক মুজুরিতে নিয়োগ করেছিল। আজ শনিবার বিকেলে বড় একটি আকাশমনি গাছ কাটা শেষ হলে গাছের ওপর রশি বেধে টান দেওয়া হয়। লালমিয়া রশি টান দিয়ে দৌড় দিলে গাছটি তাঁর মাথার ওপর পড়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন লালমিয়াকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন আজ সন্ধ্যায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, নিহত লালমিয়ার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর