সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

সখীপুরে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জাবেদ আলী (২৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীনও ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামে। ওই রাতেই বাবা-ছেলেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেল পাঁচটায় ছেলে জাবেদ আলীর মৃত্যু হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদিআরব প্রবাসী আবদুর রহিমের স্ত্রী আফরোজা আক্তার (৩০) সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নিহত আফরোজার দেবর আবদুর রশিদের বিদ্যুৎ লাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিহত আফরোজার চাচাতো দেবর জাবেদ আলী এ ঘটনায় আবদুর রশিদকে দায়ী করেন। এ নিয়ে আবদুর রশিদ ও জাবেদ আলী ( সম্পর্কে দুজন চাচাতোভাই) তর্কে জড়িয়ে পড়ে। এ সময় তাদের ঝগড়া মেটাতে জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীন এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে এক পর্যায়ে আবদুর রশিদ ঘরে গিয়ে ছুরি এনে জাবেদ আলীর পেটে ঢুকিয়ে দেন। বাধা দিলে তাঁর বাবা জয়নাল আবেদীনকেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে আহত অবস্থায় দুজনকেই ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে জাবেদ আলী মারা যায়। নিহত জাবেদের বাবা জয়নাল আবেদীনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ( ওয়ার্ড নম্বর ১,২,৩) মুখলেছা আক্তার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জাবেদ আলীর লাশের ময়নাতদন্ত শেষ করে রাতেই সখীপুরের ঘাটেশ্বরী নিজ বাড়িতে আনা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন মঙ্গলবার রাতে বলেন, আবদুর রশিদ ছুরি মেরে ওই রাতেই পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular