এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে লেখাপড়া করতে বলায় বাবা-মায়ের সাথে অভিমান করে সাইফুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘের বাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ওই গ্রামের আবদুস সামাদের ছেলে। এ ঘটনায় বুধবার দুপুরে সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘেরবাড়ি বাজার থেকে সে বাড়ি ফিরে। এসময় লেখাপড়া না করে রাত করে বাড়ি ফেরায় বাবা মা তাকে বকুনি দেয়। পরে রাতের খাবার খেয়ে তার নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে সাইফুলের রুম থেকে গুংগানির শব্দ শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি দেখে রাতেই তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন নিউজ টাঙ্গাইলকে বলেন- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
