ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীসহ শ্যালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আলম মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলম ফুলপুর ইউনিয়নের নগুয়া গ্রামের মৃত আহমাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রাজমিস্ত্রি আলম মিয়ার শ্যালিকা স্থানীয় একটি কলেজের ১ম বর্ষের ছাত্রী (১৭)। বড় বোনকে বিয়ের পর থেকেই আলমের কুদৃষ্টি পড়ে তার শ্যালিকার ওপর। বিয়ের পর থেকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত আলম। চার মাস আগে ভিক্টিম প্রাইভেট পড়তে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হলে অপহরণ করে আলম মিয়া। বিষয়টি ভিক্টিমের পরিবার জানতে পেরে তার পরিবারের সাথে যোগযোগ করলে মেয়েকে ফেরত দেবে জানায়।
কিন্তু ৪ মাস অতিবাহিত হয়ে গেলেও মেয়েকে ফেরত দেয়নি। লোক মারফত জানতে পারে শ্যালিকাকেও বিয়ে করেছে আলম এবং তারা দুই বোনই অন্তঃসত্ত্বা। এমতাবস্তায় ফুলপুর থানায় মামলা দায়েরের পর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, আলমকে আমরা গ্রেপ্তার করে শুক্রবার বিকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করেছি। আর ভিকটিমকে আদালতে হাজির করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে তার বাবার হেফাজতে দিয়ে দেন। এখন দুই বোনই বাবার হেফাজতে রয়েছে।
